
রংপুরে দায়িত্বশীল সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল গণতন্ত্র নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘স্বাধীনতা’ প্রকল্পের ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি উদ্যোগের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্যের সত্যতা যাচাই, স্বাধীনভাবে মত প্রকাশ এবং গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল, ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’।
ডিজিটাল গণমাধ্যমের বিস্তারের সঙ্গে তথ্য প্রচারের সুযোগ বাড়লেও ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। এসময় সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
কর্মশালা শেষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে সাংবাদিক ও মানবাধিকার রক্ষকদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply