
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগার চর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তা সরকারি নকশা (ম্যাপ) অনুযায়ী উদ্ধার ও সীমানা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সড়কটির নামকরণ করা হয়েছে ‘দক্ষিণ আলগার চর নবদিগন্ত পল্লী সড়ক’। এ উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সম্প্রতি সরকারি নকশা অনুযায়ী সড়কটির সীমানা চিহ্নিত ও উদ্ধার করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।
সড়কটিতে দ্রুত মাটি ভরাটের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। পাশাপাশি উন্নয়নকাজে সার্বিক সহযোগিতা এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী।
সড়কটি উদ্ধারের এ উদ্যোগে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ‘বেসিক অ্যাকাউন্টিং’ এবং ‘বিজনেস কমিউনিকেশন’ বইয়ের লেখক হাসিনুর রহমান (হাসিব)। উদ্যোগটি বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।
এ ছাড়া সড়কের সীমানা নির্ধারণ ও উদ্ধার কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী ও স্থানীয় ইউপি সদস্য ফরমান আলী।
এ কাজে মাঠপর্যায়ে সহযোগিতা করেন জিয়াউর রহমান জিয়া, আনোয়ার আর্মি, আসাদ মাস্টার, মেহেদী হাসান মানিক, সৈয়দ জামান, তারামিয়া ও মিলন। পাশাপাশি প্রবাসী সাইফুল ইসলাম, বকুল, হকসহ স্থানীয় সচেতন ব্যক্তিরাও বিভিন্নভাবে সহযোগিতা করেন।
সড়কটির সীমানা উদ্ধার, নতুন নামকরণ এবং মাটি ভরাটের জন্য বাজেট বরাদ্দের আশ্বাসে গ্রামবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, দ্রুত উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে।
এ উদ্যোগের জন্য এলাকার মানুষের পক্ষ থেকে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান ও ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্যোগের প্রধান উদ্যোক্তা হাসিনুর রহমান (হাসিব)।
Leave a Reply