
রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত পানি সম্পদ উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী-খাল পুনঃখনন কার্যক্রমের খোঁজখবর নেন।
সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজ-সংলগ্ন এলাকায় রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে নদী পাড়ি দিয়ে চর আসারিয়াদহ ইউনিয়নে যান তিনি। এ সময় নদীভাঙন রোধ, নদীতীরবর্তী জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং স্থানীয় মানুষের জানমাল নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এরপর রাজশাহী শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন তিনি।
দুপুরে নাটোরে গিয়ে প্রস্তাবিত বড়াল নদী অববাহিকায় পানিসম্পদ পুনর্বাসন’ প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রকল্পটির আওতায় বড়াল নদী ড্রেজিং এবং নারদ ও মুসা খাঁ নদী পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এ সময় প্রকল্পের প্রস্তাবনা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, পরিবেশ ও জনজীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ, কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল হক মিলন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবুল হোসেন তুহিনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
সফরকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
Leave a Reply