
ইয়াকুব-আরিফের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ, নেপথ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি-অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের
মোঃ রাজিব জোয়ার্দ্দার
পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামে জমি দখল, চাঁদা দাবি ও ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে ইয়াকুব ও আরিফের বিরুদ্ধে। ভুক্তভোগী হাবিবুর রহমানের অভিযোগ, গত ২০ অক্টোবর দুপুরের দিকে তাঁর বাড়িতে এসে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
হাবিবুর রহমানের আরও অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর আবাদি জমির ফসল কেটে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এসব কর্মকাণ্ডের পেছনে বিএনপি নেতা রবিউল ইসলাম রবির ইন্ধন রয়েছে। তবে ইয়াকুব, আরিফ ও রবিউল ইসলাম রবি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
হাবিবুর রহমান বলেন, “এলাকার সর্বস্তরের মানুষের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি। আমি ও আমার পরিবার বর্তমানে গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু আমার পরিবার নয়, গ্রামের আরও অনেক মানুষ জমি নিয়ে হয়রানি, জবরদখলের চেষ্টা ও নানা অন্যায়-অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আমি আশা করি, আপনারা সবাই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবেন এবং আমার পরিবারসহ গ্রামের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন।”
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী হাবিবুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।
Leave a Reply