
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তল্যায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশ’স ন্যাশনাল লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকট বাংলাদেশের মানুষের প্রতিদিনের বাস্তবতা। এসব সংকটের প্রকৃত চিত্র তুলে ধরতে তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় কাঠামোর মাধ্যমে শুধু আর্থিক ক্ষয়ক্ষতি নয়, মানুষের বসতভিটা হারানো এবং সামাজিক বন্ধন ভেঙে যাওয়ার মতো অপূরণীয় মানবিক ক্ষতিও যথাযথ মর্যাদায় নিরূপণ করা সম্ভব হবে।
এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি একক জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে এই কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ওয়ারপোর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুমসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।
Leave a Reply