
শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে রংপুর কারমাইকেল কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে কলেজ মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল। এবারের প্রতিযোগিতায় কলেজের ১৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় পারে শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে বিরত রাখতে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব তৈরি করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও ইতিবাচক ভূমিকা রাখে। কারমাইকেল কলেজ প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করে।
শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোর্শেদ আহমদ খান বলেন, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক মোক্তার হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগন এবং শিক্ষার্থীরা।