
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের উচ্চ মাধ্যমিক ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কে. এম. জালাল উদ্দিন আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোর্শেদ আহম্মদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল বলেন, কারমাইকেল কলেজে
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অত্যন্ত সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছে। তাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন তাদের মূল্যবান সময়টুকু কাজে লাগাতে পারে। কারমাইকেল কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার দায়িত্ব এখন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।
সম্মানিত অতিথি অধ্যাপক ড. কে. এম. জালাল উদ্দিন আকবর বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,
শিক্ষার্থীদের নিয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে এবং সেটা চলমান। আজকের নবীনবরণ অনুষ্ঠানের শিক্ষার্থীদের আমরা মোটিভেশনাল কথা বলেছি, শিক্ষার্থীদের পড়াশোনা সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছি।উচ্চমাধ্যমিকে সময় খুবই কম, শিক্ষার্থীরা যাতে এই সময় কাজে লাগিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।