দায়িত্ব, নিষ্ঠা আর পেশাদারিত্বের স্বীকৃতি মিলল এবার রাষ্ট্রীয় সম্মানে। বাংলাদেশ পুলিশের অসামান্য সেবামূলক অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ অর্জন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। তাঁর এই অর্জনে গর্বিত শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।
বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের কারণে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত মুখ।
রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্বে দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি।
পুলিশের দায়িত্বের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। নোয়াখালী জেলা সমিতির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন আবদুল মাবুদ। সংগঠনটির বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পাওয়া বিপিএম-সেবা পদক তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।